প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বর্তমান সরকার মিডিয়াকে গ্রো করতে দিতে চায়। আমি মনে করি সংবাদের জন্য বিটিভি’র খুব গুরুত্ব এই মুহূর্তে নেই। যেখানে আমাদের বেসরকারি মিডিয়াগুলো আছে, আমার মনে হয় সেগুলোই বরং আরও দায়িত্ব পালন করুক।’
রোববার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ঢাকার কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যমে দিবস হিসেবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
এ ছাড়া দেশে একটা দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ডা. জাহেদ আরও বলেন, ‘একটা জরুরি কথা হলো এই, আমি খোঁজখবর নিতে গিয়ে দেখলাম, ৩০০ কোটি টাকার বেশি বাজেট দেয়া হয় বিটিভিতে। কিন্তু এখানে আয় হয় ১৫ থেকে ১৬ কোটি টাকা। তাই পুরোটা একটা অলাভজনক প্রতিষ্ঠান এটি। এটি আদৌ কী দিচ্ছে? এটা নিউজ দিচ্ছে; সেটা জরুরি না, কিন্তু আদৌ কী দিচ্ছে আসলে এটা দেখতে হবে। এটা জনগণের টাকা।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সরকার বিটিভিকে এমনভাবে ব্যবহার করবে যেটা জনগণের কল্যাণে আসবে। কারণ বিটিভি একটা জাতীয় টেলিভিশন হিসেবে তার অনেক রকম রোল প্লে করার সুযোগ আছে। একই কথা বেতারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি ব্যক্তিগত আগ্রহে এটা নিয়ে ইতিমধ্যে বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা ভালো কিছু করতে পারব বলে মনে করি।’
তিনি বলেন, ‘দেশে একটা দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার তৈরি হবে, এটা আমি দেখতে চাই। আমি আমার দায়িত্বের বাইরে থেকেও বলছি আর দায়িত্বে থেকেও বলা যায় যে, সরকার ভালো থাকবে যদি এই চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকে।’
