লিটনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ত্রিশালবাসী

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ত্রিশালবাসী। দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা এবার ত্রিশাল থেকে একজন মন্ত্রী মন্ত্রিপরিষদে স্থান পান। একাধিকবার সরকার দলীয় সংসদ সদস্য নির্বাচিত হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এ ছাড়া বিভিন্ন সময়ে বহিরাগত, বিরোধীদলীয় ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায় সমন্বিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করেন অনেকে। ত্রিশালবাসীর দাবি, সরকার পরিবর্তন হলেও ত্রিশালের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই এবার তারা মন্ত্রিত্বের মাধ্যমে প্রত্যক্ষ উন্নয়নের সুফল পেতে চান। উপজেলার বইলর ইউনিয়নের বাসিন্দা রাকিব হাসান বলেন, আমাদের ইউনিয়নে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও আমরা লিটনকে বিপুল ভোটে বিজয়ী করেছি। স্বাধীনতার পর ময়মনসিংহের অনেক উপজেলায় মন্ত্রী হলেও ত্রিশাল বঞ্চিত থেকেছে। এবার আমরা দলীয় প্রধানের কাছে ত্রিশালবাসীর স্বপ্নপূরণের আহ্বান জানাই। বালিপাড়া ইউনিয়নের আল আমিন সরকার বলেন, আমাদের ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী থাকলেও উন্নয়নের আশায় আমরা তাকে সমর্থন করেছি। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উঠতে এবার ত্রিশালে মন্ত্রিত্বের দাবি জানাই। এ ছাড়া জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, তরুণ ভোটারদের বড় অংশ লিটনকে সমর্থন দিয়েছে। তিনি শিক্ষিত ও শিক্ষাবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা আশাকরি, তিনি মন্ত্রী হলে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। ত্রিশালবাসীর বিশ্বাস, তিনি মন্ত্রিত্ব পেলে অবহেলিত এই জনপদ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে এবং দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ত্রিশাল গড়ে ওঠবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন