চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ। শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল হলে এনএসআই, ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এই চালানটি জব্দ করা হয়।
এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শামসুদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রী মো. শামসুদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করে। রাত ৯টা ৫০ মিনিটে ‘সালাম এয়ার’-এর মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর যাত্রী ও লাগেজ তল্লাশি জোরদার করা হয়।
অভিযানের একপর্যায়ে রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাস্টমস হলের একটি যাত্রীবিহীন কনভেয়ার বেল্ট থেকে ১ হাজার ৬৫ কার্টুন মালিকবিহীন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে সন্দেহভাজন এক যাত্রীর কাছে তল্লাশি চালিয়ে আরও ২৮০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট এবং একটি ল্যাপটপ পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেট থেকে আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আদায়ের হিসাব করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
