৩ গোলে এগিয়ে থেকেও নতুন স্টেডিয়ামে ফের হার মায়ামির

৩ গোলে এগিয়ে থেকেও নতুন স্টেডিয়ামে ফের হার মায়ামির

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচের বয়স তখন ৩৩ মিনিট। স্কোরবোর্ড জানান দিচ্ছে, ইন্টার মায়ামি ৩-০ গোলে এগিয়ে। গ্যালারি ভর্তি দর্শক তখন লিওনেল মেসির জাদুকরী গোলের ঘোরে জয়ের উৎসবে মাতোয়ারা। তবে সেই আনন্দ যে দ্রুতই বিষাদে রূপ নেবে, তা কে জানতো? শনিবার নিজেদের নতুন মাঠ ‘ন্যু স্টেডিয়ামে’ ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে হার দেখে মায়ামি। অর্থাৎ, এই নতুন আবাসনে এখন পর্যন্ত জয়ের মুখ দেখা হলো না ফ্লোরিডার ক্লাবটির।

ম্যাচের স্রেফ চতুর্থ মিনিটে ইয়ান ফ্রে’র গোলে লিড নেয় মায়ামি। এরপর নিজেই জালের ঠিকানা খুঁজে নেন মেসি এবং তেলাসকো সেগোভিয়াকে দিয়ে করান তৃতীয় গোল। তবে এরপরেই শুরু হয় ওরল্যান্ডোর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। মার্তিন ওজেদার হ্যাটট্রিক এবং যোগ করা সময়ে টাইরেস স্পাইসারের জয়সূচক গোল স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেয়। এমএলএসের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও কোনো দল জয় ছিনিয়ে নেয়।

মায়ামির হয়ে নিজের ১০০তম ম্যাচে ৮৬তম গোলটি করেও ম্লান মুখে মাঠ ছাড়তে হয় মেসিকে। মায়ামির রক্ষণভাগের খেলোয়াড় ইয়ান ফ্রে আক্ষেপ করে বলেন, ‘আমরা স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছি, যা মোটেও কাম্য নয়। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে হারার পেছনে কোনো অজুহাত চলে না। আমাদের রক্ষণভাগকে আরও শক্ত হতে হবে।’

হারের ক্ষোভে রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন ফ্রে। তিনি বলেন, ‘আমার মনে হয় এই রেফারির আমাদের দলের কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো ক্ষোভ আছে। বিষয়টি পরিষ্কার। তবে দিনশেষে রেফারির দোহাই দিয়ে লাভ নেই, নিজেদের দোষেই আমরা হেরেছি।’

এদিনের পরাজয়ে মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রাও শেষ হলো। নতুন স্টেডিয়ামে চার ম্যাচ খেলেও এখনও জয়ের মুখ দেখেনি বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের বিরতির আগে হাতে আছে চারটি ম্যাচ। এর মধ্যে পোর্টল্যান্ড ও ফিলাডেলফিয়ার বিপক্ষে নতুন মাঠের এই ‘অভিশপ্ত’ ছন্দ কাটিয়ে ওঠার সুযোগ পাবে মেসিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন