পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ (৫২)। তিনি বহু বছর নানা ব্যক্তিগত উত্থান-পতনের পর জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। আবারও নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। এই পুরস্কারজয়ী চিত্রনাট্যকার ও ডকুমেন্টারি প্রযোজক বাগদান করেছেন মিলিয়নিয়ার ফাইন্যান্সার ক্যামেরন ও’রেইলির সঙ্গে। ৬২ বছর বয়সী ও’রেইলি একজন আইরিশ-অস্ট্রেলীয় বিনিয়োগকারী। তিনি প্রয়াত মিডিয়া টাইকুন ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রেইলির ছেলে। সহসাই তারা বিয়ে করছেন। জানা গেছে, বিভিন্ন ডকুমেন্টারি ও চলচ্চিত্রে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময়ই জেমিমার সঙ্গে তার পরিচয় হয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজের সূত্রেই তাদের পরিচয়, পরে বন্ধুত্ব এবং এরপর সম্পর্ক। গত এক বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে রয়েছেন। তারা সুইজারল্যান্ডে ও’রেইলির বাড়ি এবং পশ্চিম লন্ডনে জেমিমার বাসার মধ্যে সময় ভাগ করে থাকেন এবং খুবই সুখী তারা। জেমিমার পরিবারের অনেক সদস্য, যার মধ্যে তার ভাই রবিন বার্লিও আছেন, ও’রেইলির সঙ্গে দেখা করেছেন এবং তাকে পছন্দ করেন। অক্সফোর্ডে পড়াশোনা করা ও’রেইলি তার পিতার প্রতিষ্ঠিত মিডিয়া গ্রুপ ইন্ডিপেনডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া এবং পরে এপিএন নিউজ অ্যান্ড মিডিয়াতে কাজ করেন। ২০০০ সালে প্রধান নির্বাহী পদ ছাড়ার পর ২০০৩ সালে তিনি প্রাইভেট ইকুইটি ফান্ড বায়ার্ড ক্যাপিটাল গঠন করেন এবং সুইস মিটারিং কোম্পানি ল্যান্ডিস+গিয়ার অধিগ্রহণ করেন। পরে ২০১১ সালে এটি তোশিবার কাছে ২.৩ বিলিয়ন ডলারে বিক্রি করা হয়।
বন্ধুরা মনে করছেন, ডকুমেন্টারি নির্মাণে দু’জনের অভিন্ন আগ্রহ জেমিমার জীবনে নতুন স্থিতিশীল অধ্যায়ের সূচনা করতে পারে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০১৮ সালের ডকুমেন্টারি সিরিজ ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ এবং এমি-মনোনীত ‘দ্য কেস এগেইনস্ট অ্যাদনান সাইয়েদ’। এছাড়া ২০২২ সালের রোমান্টিক কমেডি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’-এর চিত্রনাট্যের জন্য তিনি একাধিক পুরস্কার পান। প্রয়াত ধনকুবের স্যার জেমস গোল্ডস্মিথর মেয়ে জেমিমা বর্তমানে তার সাবেক স্বামী ইমরান খানের মুক্তির জন্য প্রচারণা চালাচ্ছেন। তাদের দুই ছেলে কাসিম ও সুলায়মানের পিতা ইমরান খানকে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি করা হয়। গত বছর ডিসেম্বরে আরও সাজা পাওয়ার পর এখনো কারাগারে ইমরান। যদিও তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। জাতিসংঘ তার গ্রেপ্তারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ইচ্ছাকৃত আটক বলে অভিহিত করেছে।
জেমিমা ও ইমরান খানের বিয়ে হয় যখন জেমিমার বয়স ছিল ২১ এবং খানের ৪২। ২০০৪ সালে নয় বছর একসঙ্গে থাকার পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি অভিনেতা হিউ গ্রান্ট, কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডসহ আরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়ান বলে জানা যায়। সর্বশেষ ওই বাগদানের খবরটি এসেছে তার মা লেডি অ্যানাবেল গোল্ডস্মিথর গত বছরের অক্টোবরে ৯১ বছর বয়সে মৃত্যুর ছয় মাস পর। গত মার্চে উত্তর লন্ডনে তার নামে নিবন্ধিত একটি গাড়ি গতিসীমা লঙ্ঘনের ঘটনায় পুলিশের চিঠির জবাব না দেয়ায় তাকে ১০০০ পাউন্ড জরিমানা করা হয়। তিনি জানান, কেনসিংটনে তার ১ কোটি পাউন্ড মূল্যের বাড়িতে বড় ধরনের সংস্কার কাজ চলায় জবাব দিতে দেরি হয়েছিল।
