ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, সোমালিয়ার দিকে নেয়া হয়েছে

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, সোমালিয়ার দিকে নেয়া হয়েছে

ফন্ট সাইজ:

ইয়েমেন উপকূলের কাছে গালফ অব এডেন এলাকায় শনিবার অজ্ঞাত হামলাকারীরা একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে। এরপর সেটিকে সোমালিয়ার দিকে নিয়ে গেছে বলে জানিয়েছে ইয়েমেন কোস্টগার্ড। সংস্থাটি জানায়, ইউরেকা নামের জাহাজটি ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে একটি দল দখল করে নেয়। তারা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে সোমালিয়ার উপকূলের দিকে চালিত করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোস্টগার্ড জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করবে। এক বিবৃতিতে বলা হয়, জাহাজটির অবস্থান নির্ধারণ করা হয়েছে এবং সেটিকে নজরদারিতে রাখা হয়েছে। ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে জাহাজটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে ক্রু সদস্যদের সংখ্যা বা জাতীয়তা সম্পর্কে কিছু জানানো হয়নি।

শিপ ট্র্যাকিং ওয়েবসাইট ম্যারিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ইউরেকা একটি টোগোলিজ পতাকাবাহী তেলবাহী জাহাজ, যা মার্চের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর এলাকায় ছিল। ২০০০-এর দশকে সোমালিয়ার উপকূলে জলদস্যুতা ব্যাপক আকার ধারণ করে এবং ২০১১ সালে তা চূড়ায় পৌঁছায়। তবে আন্তর্জাতিক নৌবাহিনীর টহল ও বাণিজ্যিক জাহাজের নতুন নিরাপত্তা কৌশলের কারণে তা অনেকটাই কমে আসে।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবার হামলা বেড়েছে বলে জানিয়েছে সোমালিয়া উপকূলে মোতায়েন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অপারেশন আটলান্টা। তাদের তথ্যসেবা ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার ইন্ডিয়ান ওশান জানায়, এপ্রিলের শেষ দিকে তিনটি হামলার ঘটনা তারা পর্যবেক্ষণ করেছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাবেও এই অঞ্চলের জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। তবে শনিবারের এই ছিনতাইয়ের সঙ্গে ওই সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক আছে বলে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত মাসে গালফ অব এডেনেই সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পুন্তল্যান্ড রাজ্যের গারাকাদ বন্দরভিত্তিক একটি নতুন জলদস্যু গোষ্ঠী একটি তেলবাহী জাহাজ দখল করেছিল বলে স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন