ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। কর্মকর্তারা জানান, চারতলা ওই ভবনের দ্বিতীয় তলায় রোববার ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাটি ভোর প্রায় ৪টার দিকে ঘটে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে ১৪টি ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। উদ্ধারকর্মীরা ১০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন বলে জানানো হয়েছে। আগুন সকাল ৬টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিবেক বিহার পূর্ব দিল্লির একটি গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
