ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নির্বাচনে মোট ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া প্রতিদ্বন্দ্বী আর সব প্রার্থী জামানাত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (লাঙ্গল) ৫ জন, ইসলামী আন্দোলনের (হাতপাখা) ৬ জন, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) ২ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) একজন, খেলাফত মজলিসের (দেওয়াল ঘড়ি) একজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফের (টেলিভিশন) একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র (চশমা) একজন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) একজন, বাংলাদেশ মাইনরিটির জনতা পার্টির- বিএমজেপি (রকেট) একজন, গণঅধিকার পরিষদের (ট্রাক) একজন, স্বতন্ত্র পাঁচজনের মধ্যে চারজন (মোটরসাইকেল, ফুটবল, ঘোড়া, কলস)। নির্বাচনের রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলের শিট পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে। সেই মোতাবেক যশোরের ছয়টি সংসদীয় আসনের ২৪ প্রার্থী কাক্সিক্ষত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছিল। যা ইসি সচিবের নামে মনোনয়নপত্র জমা দেয়ার সময় ব্যাংকে রাখতে হয়েছিল। আইন অনুযায়ী, এই টাকা সরকারি কোষাগারে জমা হবে। সেই হিসাবে যশোরে জামানত হারানো ২৪ প্রার্থীর কাছ থেকে ১২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ ১৫ হাজার ৩১। যা মোট ভোটারের শতকরা ৭০ দশমিক ৪৮ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২৬ হাজার ৯৭৫ ভোট। কিন্তু জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল মাত্র ১ হাজার ৩৯৮ ভোট এবং ইসলামী আন্দোলনের বখতিয়ার রহমান এক হাজার ৭৬৮ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে সর্বমোট প্রদত্ত ভোট তিন লাখ ৩৪ হাজার ৮৯১। যা মোট ভোটারের শতকরা ৭০ দশমিক ৫৩ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪১ হাজার ৮৬১। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী আর বখতিয়ার রহমান ৫ হাজার ৭৮১ ভোট, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) রিপন মাহমুদ ৪১৬, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) ইমরান খান ৪৭২, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ-এর শামছুল হক (টেলিভিশন) ২৩৩, স্বতন্ত্র জহুরুল ইসলাম (ঘোড়া) ১৮৮, মেহেদী হাসান (ফুটবল) ৩৮৯ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-৩ (সদর) আসনে সর্বমোট প্রদত্ত ভোট চার লাখ ৮০ হাজার ৫৩। যা মোট ভোটারের শতকরা ৬৭ দশমিক ৭৬ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৫১ হাজার ৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব হোসেন ১৩ হাজার ৩৩২ ভোট, জাতীয় পার্টির খবির গাজী ৩ হাজার ৪০৪, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নিজামদ্দিন অমিত ১ হাজার ৭৭২, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) রাশেদ খান ৭৫৩ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট তিন লাখ ২৫ হাজার ২৮৩। যা মোট ভোটারের শতকরা ৭২ দশমিক ২৭ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৪০ হাজার ৬৬০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজিদ হোসাইন ১১ হাজার ৮৩৮ ভোট, খেলাফত মজলিসের আশেক এলাহী ৩০১, গণঅধিকার পরিষদের আবুল কালাম গাজী ২৫৭, জাতীয় পার্টির জহুরুল হক এক হাজার ৭৫১, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি- বিএমজেপি’র সুকৃতি কুমার মণ্ডল এক হাজার ৫১০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থীর সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন-আল-আজাদ (মোটরসাইকেল) ৭৯৭ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-৫ (মণিরামপুর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট দুই লাখ ৮১ হাজার ৫৪৪। যা মোট ভোটারের শতকরা ৭৬ দশমিক ৫০ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ৩৫ হাজার ১৯৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন চার হাজার ৪০০ ভোট, জাতীয় পার্টির এমএ হালিম দুই হাজার ২৪৫, স্বতন্ত্র কামরুজ্জামান দুই হাজার ১০৩ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যশোর-৬ (কেশবপুর) এ আসনে সর্বমোট প্রদত্ত ভোট এক লাখ ৭৫ হাজার ৩২২। যা মোট ভোটারের শতকরা ৭৭ দশমিক ৯০ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীর প্রাপ্ত ভোট দরকার ছিল ২১ হাজার ৯১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম এক হাজার ২৮৫ ভোট, জাতীয় পার্টির জিএম হাসান দুই হাজার ৯১০, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) মাহমুদ হাসান ৬৭২ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
যশোরের ৬ আসনে জামানত হারালেন ২৪ প্রার্থী
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
