মমতার দাবি তার দলই জিতছে

পশ্চিমবঙ্গের ভোট গণনা কাল

মমতার দাবি তার দলই জিতছে

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট যন্ত্রবন্দি হয়ে স্ট্রং রুমের কড়া প্রহরায় রয়েছে। কাল সোমবার শুরু হবে গণনা। তার আগে শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার দলই নির্বাচনে জয়লাভ করবে। বুথ ফেরত সমীক্ষায় অবশ্য বিজেপি’র জয় নিশ্চিত করা হয়েছে।

তবে গণনার আগে স্ট্রং রুমে কারচুপির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মমতা নিজে স্ট্রং রুম পাহারায় কাটিয়েছেন। তবে স্ট্রং রুমের নিরাপত্তা এবং গণনাকেন্দ্রে কারচুপির চেষ্টার বিরুদ্ধে সবাই সতর্ক। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে ইভিএম। যা হচ্ছে তা প্রটোকল মেনে হচ্ছে।
সোমবার সকাল আটটা থেকে ২৯৪টি বিধানসভা আসনের ভোট মোট ৭৭টি গণনা কেন্দ্রে গোনা হবে। প্রতিটি কেন্দ্রে প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। এরপর ১৪টি টেবিলে গোনা হবে। এক রাউন্ড গণনার পর থেকে ফলের গতিপ্রকৃতি জানিয়ে দেয়া হবে।

তবে নির্বাচন কমিশন এবার শান্তিপূর্ণভাবে গণনাপর্ব মেটাতে ১৬৫জন কাউন্টিং অবজারভার নিয়োগ করেছে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তায় অতিরিক্ত অবজারভার নিয়োগ করা হয়েছে। সঙ্গে আরও ৭৭জন পুলিশ অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখা ও পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্তভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই পুলিশ অবজারভার নিয়োগ করেছে কমিশন। পুলিশ অবজারভাররা গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখভাল করবেন। তারা গণনার দিন গণনাকক্ষে কোনো অবস্থাতেই প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন। তাছাড়া কমিশন জানিয়েছে, কিউআর কোড যুক্ত আই কার্ড যাদের থাকবে তারাই গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সকলের ক্ষেত্রেই এই কিউআর কোড যুক্ত আইকার্ড রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

গণনাকেন্দ্রগুলোকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোনোরকম জমায়েত ২০০ মিটারের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। কলকাতার ৭টি গণনাকেন্দ্রের চারধারে ১৬৩ ধারা জারি করা হয়েছে।
এদিকে, তৃণমূল কংগ্রেস এবার বিধানসভার ভোট গণনার দিন অর্থাৎ, সোমবার গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে মূলত গণনার দিন তৃণমূলের রণকৌশল ঠিক কী হবে, তা দলের কাউন্টিং এজেন্টদের মধ্যে পৌঁছে দেয়া হয়েছে। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। কোনো কেন্দ্রে খুব অল্প ব্যবধানে বিজেপি এগিয়ে থাকলে পুনর্গণনার আর্জি জানাতে বলা হয়েছে। শুধু তা-ই নয়, বুথফেরত সমীক্ষা যেন কোনোভাবেই কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দিতে না পারে, তারও বার্তা দেওয়া হয়েছে।

বিজেপিও গণনা কেন্দ্রের দায়িত্ব বণ্টন ও প্রস্তুতি নিয়েই শনিবার বৈঠক করেছে। গণনায় কারচুপি রুখতে মেদিনীপুরে ৩৫টি আসনের বিজেপি প্রার্থী ও নেতৃত্বদের নিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদায় অনুষ্ঠিত হলো নির্বাচনী কর্মশালা। উপস্থিত ছিলেন- বিজেপি’র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ-সহ একাধিক নেতা। কলকাতার গণনাকেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গেও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন