ফরিদপুরে বাস খাদে পড়ে আহত অন্তত ৫০

ফন্ট সাইজ:

ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহন নামের একটি বাস জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে নগরকান্দার জোয়ারকান্দি এলাকায় গিয়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসের একাধিক যাত্রী জানান, গাড়িটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বিল্লাল জানান, দুর্ঘটনার খবরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ঠিক কতোজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন