আসন্ন ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি। শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক বৈঠকে ঈদে সকল জেলা শাখা/ইউনিটে সরকার নির্ধারিত বাস ভাড়া যাতে আদায় করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। মালিক সমিতির ওই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ।
সভায় আরো কয়কটি সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এরমধ্যে রয়েছে- দেশের সকল ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী গাড়ীগুলো সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত কমিটি সকল ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী চলাচলের ক্ষেত্রে যানজট, দূর্ঘটনা নিরসনসহ সকল প্রকার সমস্যা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধানের পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়ীতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) সরকার দ্বিগুন বৃদ্ধি করার প্রেক্ষিতে এ সকল মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং টায়ার-টিউবসহ অন্যান্য সকল যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারনে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয় এবং বর্ধিত দ্বিগুন আয়কর কমানোসহ সকল প্রকার যন্ত্রাংশের মূল্যের উপর শুল্ক কমানোর দাবী করা হয়। এ ব্যাপারে সমিতির সভাপতি, কার্য্যকরী সভাপতি ও মহাসচিবকে সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়।
ওদিকে, ঈদুল আযহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাস মালিক সমিতি নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
বিবৃতিতে যাত্রী কল্যান সমিতির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনৈতিক অবস্থার চরম দুঃসময়ে বাস মালিকদের এমন সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। যা তাদের হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনবে।
