টাঙ্গাইলের সখীপুরে নীল গাই আক্রমণ করে প্রায় তিনশ’ কলা গাছের কলার কাঁদি খেয়া ফেলার অভিযোগ তুলেছে কলাচাষি জামাল হোসেন। উপজেলার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া প্রায় ৫০টি পেঁপে গাছের পেঁপে নষ্ট করেছে বলেও তিনি সাংবাদিকদের জানান। জানা যায়- প্রায় দুই মাস আগে রাতের বেলায় নীল গাই এ আক্রমণ করেছে বলে জানায় ওই কৃষক। ঘটনার সত্যতা স্বীকার করে এলাকাবাসী জানায়- প্রায় এক বছর আগে গাজীপুরের সাফারি পার্ক থেকে একটি নীল গাই পালিয়ে এসেছে এই এলাকার শাল গজারীর বনে। সরজমিন দেখা যায়, উপজেলার বেতুয়া গ্রামে জামালের তিন একর কলা বাগানে ও কলা বাগানের ভেতর পেঁপে বাগানে নীল গাইয়ের আক্রমণ। বেশ কিছু কলা গাছের কলার কাঁদি খেয়ে ফেলেছে। ফলে ওই কলার ছড়ি বাজারে বিক্রি করা সম্ভব না। বিভিন্নভাবে কলা বাগানটি পাহারা দিয়ে রাখা হচ্ছে কিন্তু যেকোনো সময় আবার ওই নীল গাই আক্রমণ করতে পারে সেই আতঙ্কে থাকেন ওই চাষি। জামাল বলেন, কলা ও পেঁপে মিলিয়ে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। বিষয়টি সাফারি পার্কের লোকজনকে জানিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু প্রায় দুই মাস হয়ে গেল এখনো কোনো সাড়া পাচ্ছি না। আমি আমার কলা ও পেঁপে বাগানের ফসল নষ্টের ক্ষতিপূরণ চাই। এলাকাবাসী জানায়, এলাকায় একটি নীল গাই এসেছে আমরা সবাই জানি। কিন্তু গাইটি রাতের বেলায় মানুষের ফসল নষ্ট করছে। আমরা চাই সাফারি পার্কের লোকজন অতি অল্প সময়ের মধ্যে গাইটি নিয়ে যাক। গাজীপুর সাফারি পার্কের টেকনিক্যাল পোস্টের (টি.টি.ও) শ্রী চন্দন কুমার বলেন, বেশ কিছুদিন আগে আমাদের সাফারি পার্র্ক থেকে একটি নীল গাই বের হয়ে গেছে। এটা ধরে নিয়ে আসার চেষ্টা চলছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে গাইটি ধরে নিয়ে আসবো।
সখীপুরে কলা বাগানে নীল গাইয়ের আক্রমণ, দিশাহারা কৃষক
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
