ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে ওল্ড ট্র্যাফোর্ডের আবহ আজ ঠিকই উত্তপ্ত হয়ে উঠবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সামনে এখন লক্ষ্য একটিই, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে জায়গা নিশ্চিত করা। আজকের ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট পেলে রেড ডেভিলরা ইউরোপিয়ান অভিজাত মঞ্চে ফেরা নিশ্চিত করবে। অলরেডদের জন্য সমীকরণ প্রায় একই। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। গত মৌসুমে লীগে পঞ্চদশ হওয়া ইউনাইটেড এবার মাইকেল ক্যারিকের অধীনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে।
শেষ দুই ম্যাচে চেলসি ও ব্রেন্টফোর্ডকে হারিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের তিনে। বর্তমানে ছয়ে থাকা ব্রাইটনের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকায় রেড ডেভিলদের শীর্ষ পাঁচ নিশ্চিত করা সময়ের ব্যাপার মাত্র। দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ এক অনন্য এক রেকর্ডের হাতছানি নিয়ে ওল্ড ট্রাফোর্ডে নামবেন আজ। থিয়েরি অরি ও কেভিন ডি ব্রুইনার এক মৌসুমে ২০টি অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি অ্যাসিস্ট। কোচ ক্যারিক তার পর্তুগিজ শিষ্যের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আশা করি সে (বর্ষসেরার পুরস্কার) জিতবে। দলের ওপর তার প্রভাব এবং গোল করা বা করানোর ক্ষেত্রে সে যে মুহূর্তগুলো তৈরি করেছে, তার জন্য সে এটি পাওয়ার যোগ্য।’ হাইভোল্টেজ ম্যাচটির রোমাঞ্চ ছুঁয়েছে ক্যারিককেও। তিনি বলেন, ‘ইতিহাস এবং এই ধরণের ম্যাচের উত্তেজনা ও আবেগ একে বিশেষ করে তোলে। এটি আমার প্রিয় ম্যাচগুলোর একটি।’ অন্যদিকে, টানা তিন জয় নিয়ে লিভারপুল আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও, তাদের জন্য বড় ধাক্কা মোহাম্মদ সালাহর চোট। হ্যামস্ট্রিং চোটের কারণে মিশরীয় তারকা আজ খেলতে পারছেন না। লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে ১৬ গোল করা সালাহর অনুপস্থিতি নিয়ে কোচ আর্নে স্লট বলেন, ‘সালাহর চোট খুব একটা গুরুতর নয়, এটি বড় স্বস্তি। সে মৌসুমের শেষ দিকে ফিরবে। তবে রোববারের ম্যাচে সে থাকছে না। যে খেলোয়াড়টি বড় বিদায় পাওয়ার যোগ্য, সে অবশ্যই মো (সালাহ)।’
ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে ম্যাথিউস কুনহা এবং লুক শ’র ফেরার সম্ভাবনা আছে। তবে মাঠের বাইরে থাকছেন ম্যাথিস ডি লিট ও লিসান্দ্রো মার্টিনেজ। লিভারপুলের অবস্থা আরও করুণ। সালাহ ছাড়াও কনর ব্র্যাডলি, হুগো একিটিকে এবং প্রধান দুই গোলকিপার অ্যালিসন বেকার ও মামারদাশভিলি চোটে। ফলে গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে তৃতীয় পছন্দের কিপার ফ্রেডি উডম্যানের কাঁধে। লিভারপুল বস আর্নে স্লট ইউনাইটেডের প্রশংসা করে বলেন, ‘আমরা জানি এটি খুব বড় ম্যাচ। তারা সবসময়ই ভালো দল, তবে এখন লীগ টেবিলে তারা সেটি প্রমাণ করছে। বিশেষ করে মাইকেল ক্যারিকের অধীনে তাদের ফলাফল অনেক বেশি ধারাবাহিক।’ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ২৪৩ বারের সাক্ষাতে ৯২টিতে জিতেছে ইউনাইটেড, ৮২টিতে লিভারপুল, ড্র ৭১টি। গত অক্টোবরে অ্যানফিল্ডে হ্যারি ম্যাগুয়ারের শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয় রেড ডেভিলরা। সেক্ষেত্রে আজকের লড়াই লিভারপুলের জন্য প্রতিশোধেরও বটে।
