সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় মো. নাঈম (২২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নিহত নাঈম পরমেশ্বরদী গ্রামের মৃত আ. হেকিমের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের নাঈম পেশায় একজন রাজমিস্ত্রি। পাশাপাশি সুদের ব্যবসার সঙ্গে জড়িত। রোববার রাত ৮টার দিকে নাঈম ও নাসিমুল দুই ভাই পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অপরিচিত এক ফোন পেয়ে বাইরে চলে যায় নাঈম। পরে রাত ৯টার দিকে বাড়ির পাশে একটি ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই জানান, তারা দুই ভাই একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার আগে তারা বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ একজনের ফোন পেয়ে মোবাইলে কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে যায় নাঈম। সে ফোনে বলতেছিল, ‘আমার কাছে টাকা নাই’। দুই-তিনবার এ কথা বলছিল। তখন সে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিল। কিছুক্ষণ পর দেখি নাঈম সেখানে নাই। একটু পর তিনিও বাড়িতে চলে যান। তিনি আরও জানান, বাড়িতে গিয়ে ছোট ভাই নাঈমকে তার মোবাইলে কলও দিলে তা বন্ধ পান। আধ ঘণ্টা পর বাইরে হৈ-চৈ শুনতে পেয়ে বেরিয়ে যান নাছিমুল। লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করছিল। এ সময় এলাকাবাসীর সঙ্গে পাশের জমিতে গিয়ে নাঈমকে বস্তাবন্দি রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ওসি মহিববুল্লা জানান, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন