বৃটেনের শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেছেন, বৃটিশ ইহুদিরা ইতিহাসের সবচেয়ে বড় হুমকির মুখে, সামাজিক যোগাযোগমাধ্যম ইহুদি-বিদ্বেষের এক মহামারী উস্কে দিচ্ছে। তিনি উত্তর লন্ডনের ইহুদি সম্প্রদায়কে রক্ষার জন্য ৩০০ সশস্ত্র কর্মকর্তা মোতায়েনের আহ্বান জানিয়েছেন। শনিবার টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রধান মার্ক রাউলি বলেন, ঘৃণাজনিত অপরাধ, সন্ত্রাসবাদ ও বৈরী রাষ্ট্রীয় কার্যকলাপ এই তিনটি বিষয়কে আপনি যদি একসাথে যোগ করেন, তাহলে অনলাইনে মতাদর্শ গড়ে তোলার সেই সম্মিলিত প্রভাব সত্যিই বিপজ্জনক ও উদ্বেগের।
ইহুদি সম্প্রদায় এসব অনুভব করছে, তাদের কথাবার্তায় তা দেখা যায়- কীভাবে এটি তাদের জীবন বদলে দিচ্ছে। এটি ভয়াবহ পরিস্থিতি, বলেন এই কর্মকর্তা।
দ্য টাইমসকে মার্ক রাউলি বলেন, প্রতিটি বর্ণবাদী ও চরমপন্থী গোষ্ঠীর ‘ঘৃণার’ তালিকায় বৃটিশ ইহুদিরা রয়েছে।
গত বুধবার বৃটেনে ইহুদি সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে দুইজন ইহুদি আহত হয়েছেন। এই ঘটনায় ৪৫ বছর বয়সী এসা সুলেইমানকে অভিযুক্ত করা হয়েছে। ওই হামলার পরেই বৃটিশ ইহুদিদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন লন্ডনের পুলিশের এই কর্মকর্তা।
