সিরাজগঞ্জে সাধারণ ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার সকল পদ স্থগিত এবং হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকি দেয়ার অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক পাঁচটি পত্রে এই তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন- বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল ও জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল। আর শোকজপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ ও থানা রোড এলাকার আরজু আহম্মেদ।
পদ স্থগিত হওয়া পত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরে জড়িত থাকার দায়ে মামলা হওয়ায় দলীয় সকল পদ থেকে স্থগিতাদেশ প্রদান করা হলো। অন্যদিকে, শোকজ নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদক বরাবর দলটির দপ্তর বিভাগে জবাব নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্তে দু’জনের পদ স্থগিত ও তিনজনকে শোকজ করা হয়।
ভোটারদের হুমকি ও চাঁদাবাজি
সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
