টানা চার হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা হায়দরাবাদ কিংসমেন রূপকথার মতো ঘুরে দাঁড়ালো। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই ফাইনালের টিকিট কাটলো মার্নাস লাবুশেনের দল। দ্বিতীয় এলিমিনেটরে তিনবারের চ্যাম্পিয়ম ইসলামাবাদ ইউনাইটেডকে ২ রানের ব্যবধানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেলো তারা। শুক্রবারের এই রোমাঞ্চকর জয়ের মূল নায়ক হয়ে রইলেন তরুণ পেসার হুনাইন শাহ। ফাইনালে আগামীকাল নাহিদ রানাদের পেশোয়ার জালমির মুখোমুখি হবে ইসলামাবাদ।
লাহোরে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ইসলামাবাদের শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ২৮ রান। মোহাম্মদ আলী করা ১৯তম ওভারে ফাহিম আশরাফ ও ক্রিস গ্রিন ২২ রান তুলে নিলে সমীকরণ দাঁড়ায় স্রেফ ৬ বলে ৬ রান, হাতে ৪ উইকেট। তবে নিজের আগের ওভারে ১৩ রান দেয়া হুনাইন শেষ ওভারে অবিশ্বাস্য চমক দেখান। প্রথম বলে ডট দেয়ার পর দ্বিতীয় বলে গ্রিনকে দেন মাত্র ১ রান। তৃতীয় নিখুঁত ইয়র্কার ডেলিভারিটি ব্যাটে লাগাতেই ব্যর্থ হন ফাহিম। চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং-অফে ক্যাচ দেন তিনি (১৯)। শেষ দুই বলে ২ রান দিয়ে হায়দরাবাদের জয় নিশ্চিত করেন নাসিম শাহর ছোট ভাই হুনাইন। এ জয়ে হাসান খানের একটি দুর্দান্ত ফিল্ডিংয়েরও বড় ভূমিকা ছিল, যেখানে তিনি সীমানার ওপর শূন্যে ভেসে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উসমান খানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৬ রান তোলে হায়দরাবাদ। ৩০ বলে ১০টি চারের মারে ৬১ রান করেন উসমান। এছাড়া লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা করেন ৩৭ রান। রান তাড়ায় ইসলামাবাদের হয়ে মার্ক চাপম্যান ৪৩ এবং হায়দার আলী ৩১ রান করলেও শেষ রক্ষা হয়নি। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন হুনাইন ও আলী। লীগ পর্বের শুরুর দিকের ব্যর্থতা কাটিয়ে গত ৮ ম্যাচের ৭টিতে জিতে এখন শিরোপার খুব কাছে নবাগত এই দলটি।
অবিশ্বাস্য এ জয়ের পর আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। এ ম্যাচে অংশ নিতে নাহিদ রানাকে দ্বিতীয় দফায় অনাপত্তিপত্র (এনওসি) দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
