বিয়ের মঞ্চে নাটকীয়তা, বরকে নয় প্রেমিককে মালা পরালেন কনে

বিয়ের মঞ্চে নাটকীয়তা, বরকে নয় প্রেমিককে মালা পরালেন কনে

ফন্ট সাইজ:

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার পারাসিয়া এলাকার এক গ্রামে এক বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই নাটকীয়তায় পরিণত হয়। কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ বরকে না, নিজের প্রেমিককে মালা পরিয়ে দেয়ায় পুরো অনুষ্ঠান ভেঙে পড়ে। এক পর্যায়ে সেখানে সৃষ্ট হট্টগোলে হাতাহাতি হয়। অনুষ্ঠান ত্যাগ করে ফিরে যান বর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন কনে হঠাৎ মঞ্চ থেকে সরে গিয়ে উপস্থিত এক তরুণকে মালা পরিয়ে দেন এবং তাকে জড়িয়ে ধরেন। মুহূর্তের মধ্যেই উপস্থিত অতিথিরা হতবাক হয়ে যান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

অনুষ্ঠানে বরযাত্রীরা এসেছিল পারাসিয়া থেকে এবং সব আনুষ্ঠানিকতা স্বাভাবিকভাবেই চলছিল। অনুষ্ঠানস্থল ছিল ভিড়ে পরিপূর্ণ, উৎসবের পরিবেশও ছিল। কিন্তু মালা বদলের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, কনের পরিবারের সদস্যরা ওই তরুণকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এই বিশৃঙ্খলার মধ্যেই বর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে অস্বীকৃতি জানান এবং বরযাত্রীদের নিয়ে সেখান থেকে ফিরে যান।

উমরেঠ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয় ঠাকুর বলেন, ঘটনাটি ২২-২৩ এপ্রিল রাতে ঘটেছে। এর ভিডিও এখন প্রকাশ্যে এসেছে। তিনি জানান, কনে ও ওই তরুণ দু’জনই প্রাপ্তবয়স্ক। পুলিশ হিসেবে তাদের ভূমিকা সীমিত ছিল। তিনি আরও বলেন, বরপক্ষ কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে ফিরে যাওয়ার সময় তারা লিখিতভাবে জানিয়েছে, কনের পরিবার ক্ষুব্ধ থাকতে পারে এবং যদি কনে বা তার ওই তরুণ বন্ধুর কোনো ক্ষতি হয়, তবে তার দায় বরপক্ষ নেবে না। কারণ তারা কোনো ঝামেলা ছাড়াই অনুষ্ঠান ত্যাগ করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন