ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি হাসপাতালে ভর্তি

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি হাসপাতালে ভর্তি

ফন্ট সাইজ:

ইরানের মানবাধিকার কর্মী এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। তার ফাউন্ডেশন শুক্রবার জানায়, তিনি দু’বার সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন। গুরুতর হৃদরোগজনিত সংকটে আক্রান্ত হন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

নার্গিস মোহাম্মাদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, কারাগারের চিকিৎসকরা নিশ্চিত করেন যে তার অবস্থা কারাগারের ভেতরে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তাকে হাসপাতালে নেয়া হয়। আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসার সুপারিশ ছিল তার জন্য। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে উত্তর-পশ্চিম ইরানের জাঞ্জান শহরের কারাগারে তিনি দু’বার অচেতন হয়ে পড়েন। তার আইনজীবীরা জানান, মার্চের শেষ দিকে তিনি সম্ভবত হার্ট অ্যাটাকের শিকার হন। কয়েক দিন পর তার সঙ্গে দেখা হলে তাকে খুব দুর্বল, ফ্যাকাশে এবং হাঁটতে সাহায্য প্রয়োজন এমন অবস্থায় পাওয়া যায়।

নার্গিস মোহাম্মাদিকে ১২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় ইরানের মাশহাদ শহর সফরের সময়। ফেব্রুয়ারিতে তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেয়া হয়। তার আইনজীবী জানান, এর মধ্যে ছয় বছর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাজা দেয়া হয়েছে। তার পরিবার দাবি করেছে, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়। মাথা, ঘাড় ও পাঁজরে আঘাত করা হয়। নোবেল কমিটি এক বিবৃতিতে তার প্রতি চলমান আচরণকে ‘জীবন-ঝুঁকিপূর্ণ নির্যাতন’ বলে নিন্দা জানায়। ইরান সরকার এই অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন