গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, একই সঙ্গে অভিযানের সময় অন্তত ৩১ জন মানবাধিকারকর্মী আহত হওয়ার তথ্য সামনে এসেছে। সংবাদ সংস্থা 'বারনামা' জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, গাজায় জীবনরক্ষাকারী সহায়তা “সব উপায়ে” প্রবেশের সুযোগ দিতে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজ আটকানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি নৌবাহিনী গাজাগামী সহায়তা বহনকারী একাধিক জাহাজ আটক করলে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্লোবাল সুমুদ জোটের দাবি অনুযায়ী, এ সময় কমপক্ষে ৩১ জন মানবাধিকারকর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ফ্লোটিলাটি বিভিন্ন দেশ থেকে আসা শতাধিক মানবাধিকারকর্মী নিয়ে গাজায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ পৌঁছে দিতে যাচ্ছিল। তবে ইসরাইল দাবি করেছে, তারা গাজার ওপর আরোপিত নৌ অবরোধ বজায় রাখতে এ পদক্ষেপ নিয়েছে এবং সহায়তা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমেই পাঠানো উচিত।
বারনামা জানিয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়, এই ধরনের অভিযান আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি গুরুতর প্রশ্ন তোলে এবং অবরুদ্ধ গাজায় মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে। সংস্থাটি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং অবাধ মানবিক প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানায়।
