জনপ্রিয় অভিনেতা ও ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়েন জনসনের গাড়ির গতি রোধ করল হলিউড পুলিশ। একটি আনন্দঘন অনুষ্ঠানের পর পরই সড়কে তাকে থামিয়ে দেয় তারা। তবে এতে উত্তেজিত হননি জনসন। তিনি পুলিশকে সহযোগিতা করেন। কিন্তু কেন তাকে থামিয়েছে পুলিশ?
অনলাইন নিউ ইয়র্ক পোস্ট বলছে, বৃহস্পতিবার তিনি সহ-অভিনেত্রী এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচি’র যৌথ উদ্যোগে আয়োজিত হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে অংশ নেন। তবে টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান শেষে তার গাড়ির কালো কাচ নিয়ে ট্রাফিক পুলিশের একটি চেকিংয়ে তাকে থামানো হয়।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, পরিস্থিতি মোকাবিলায় জনসন শান্ত ও স্বাভাবিক ছিলেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন এবং পরে গাড়ি থেকে নেমে সম্পূর্ণ সহযোগিতা করেন। একপর্যায়ে তাকে পুলিশের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। সাদা শার্ট ও হালকা রঙের প্যান্ট পরা জনসনকে এ সময় বেশ পরিপাটি দেখাচ্ছিল, যদিও তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছিলেন। এ বিষয়ে জনসনের প্রতিনিধিরা বা লস অ্যানজেলেস পুলিশ ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি।
জনসনের সঙ্গে এমিলি ব্লান্টের দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে। তারা ২০২১ সালের সিনেমা জঙ্গল ক্রুজ-এ একসঙ্গে অভিনয় করেন এবং পরবর্তীতে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ চলচ্চিত্রেও আবার একত্র হন। ওয়াক অব ফেম অনুষ্ঠানে জনসন বক্তব্যও দেন। সেখানে উপস্থিত ছিলেন মেরিল স্ট্রিপ ও ম্যাট ডেমন-এর মতো তারকারাও।
এমিলি ব্লান্টকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে জনসন বলেন, আমরা যারা এমিলিকে চিনি, তারা জানি- তিনি প্রতিদিন কৃতজ্ঞতা নিয়ে দিন শুরু করেন। তিনি আরও বলেন, যখন আপনি প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকেন, তখন তা আপনাকে আনন্দ ও মানসিক শান্তির দিকে নিয়ে যায়- যা আমরা সবাই খুঁজে বেড়াই।
নিজেকে ঘিরে দেয়া এই সম্মাননা ও বক্তব্যের জবাবে এমিলি ব্লান্ট বলেন, এই মুহূর্তটি আমার জন্য কতটা অর্থবহ- তা ভাষায় প্রকাশ করা কঠিন। যারা আমাকে নিয়ে কথা বলেছেন, তারা সবাই আমাকে অভিভূত করে দিয়েছেন। তিনি যোগ করেন, আপনারা সবাই এবং আমার জীবনের প্রিয় মানুষগুলো এখানে উপস্থিত। এটাই জীবনকে গভীরভাবে সৌভাগ্যের মনে করিয়ে দেয়।
