ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। এর ঘটনার পরে স্থানীয়দের পিটুনিতে ট্রাকচালক নিহত হয়েছেন। ওই ট্রাকে থাকা আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. হান্নান (৪৫)। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে। আহতরা হলেন, সালথা উপজেলার সোনাখোলা গ্রামের চালকের সহকারী নাঈম (২২) ও সালথার কাগদী এলাকার আল-আমিন (২৫)।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় বাসিন্দারা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ সাংবাদিকদের বলেন, ‘ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
