জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। নিউইয়র্কে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মে মাসের পর্যায়ক্রমিক সভাপতিত্ব গ্রহণ করে চীন।
ফু কং জানান, চীন যে বিষয়গুলো বিবেচনা করছে তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ভবিষ্যৎ। তিনি বলেন, আমরা মনে করি, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনরায় পর্যালোচনা করা উচিত। তিনি গত বছরের আগস্টে গৃহীত নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে ইসরাইলের লেবানন আক্রমণের পর থেকেই দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীরা মোতায়েন রয়েছে। তবে গত বছর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য মিলে ২০২৬ সালের শেষ নাগাদ এই মিশন বন্ধ করার পক্ষে ভোট দেয়। ফু কং বলেন, আমার মনে হয় নিরাপত্তা পরিষদের বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যের মত হলো- এখন এই অঞ্চল থেকে ইউএনআইএফআইএল সরিয়ে নেয়ার সঠিক সময় নয়।
তিনি আরও জানান, চীন জুন মাসে প্রত্যাশিত জাতিসংঘ সচিবালয়ের একটি প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। এরপরই আমরা আমাদের চূড়ান্ত অবস্থান নির্ধারণ করব।
