ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান আইয়াল জামির বলেছে, দক্ষিণ লেবাননে কার্যত কোনো যুদ্ধবিরতি নেই। তবে দেশের বাকি অংশে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা চলছে। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন চারদিক থেকেই তীব্র চাপের মুখে রয়েছেন, যাতে তিনি এই যুদ্ধবিরতি বাতিল করেন।
ইসরাইলের অধিকাংশ মানুষ এই যুদ্ধবিরতির বিপক্ষে। বিরোধী দলও এর বিরুদ্ধে। পুরো সপ্তাহজুড়ে সেনাবাহিনী জানিয়ে আসছে, তারা আবার লড়াই শুরু করতে প্রস্তুত এবং সবুজ সংকেত পেলেই সংঘাত আরও বিস্তৃত করতে পারে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
শুক্রবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা একাধিক ইসরাইলি গণমাধ্যমকে বলেছে, তারা হতাশ। তাদের মতে, এই যুদ্ধবিরতি ইসরাইলি সেনাদের জন্য ক্ষতিকর হয়ে উঠছে, কারণ হিজবুল্লাহ ক্রমবর্ধমানভাবে যে ফার্স্ট-পারসন-ভিউ ফাইবার-অপটিক ক্যাবল ড্রোন ব্যবহার করছে, তাতে প্রতিদিনই সেনারা আহত হচ্ছে।
সেনাবাহিনীর দাবি, লেবাননের ভেতরে গভীরে ঢুকে এসব ড্রোনের উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত হানতে না পারলে তাদের কাছে কার্যকর কোনো প্রতিরক্ষা নেই। তাই এ ধরনের হামলা চালাতে হলে সামরিক অভিযান আরও বিস্তৃত করা প্রয়োজন।
