ঈদের পর দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে দুই নতুন সিনেমা ‘আতরবিবিলেন’ ও ‘মানুষটিকে দেখ’। ভিন্নধর্মী গল্প ও নির্মাণে তৈরি এই দুই চলচ্চিত্র আজ শুক্রবার থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। রাজধানীর উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারসহ একাধিক হলে মুক্তি পেয়েছে মিজানুর রহমান পরিচালিত ‘আতরবিবিলেন’। এক সাধারণ নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। পরিস্থিতির শিকার হয়ে ঢাকায় আসা এক তরুণীর জীবনের নানা চড়াই-উতরাই তুলে ধরা হয়েছে এতে।
ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। এছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জল, সকাল ও সীমান্ত প্রমুখ।
এদিকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ মুক্তি পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘মানুষটিকে দেখ’। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জীবনসংগ্রাম ও তাদের ঘিরে থাকা কুসংস্কারকে কেন্দ্র করে তৈরি হয়েছে এ চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, কাজী নওশাবা ও রাজীব সালেহীন প্রমুখ।
