কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে আত্মগোপনে থাকা আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামির নাম রাজীব মিস্ত্রী (৪৫)। তিনি ৩ নম্বর আসামি। তার বাড়ি ফিলিপনগর দারোগার মোড় এলাকায়। এ নিয়ে শামীম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হলো।
রাজশাহীর গোদাগাড়ী থানা রোডে নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আত্মগোপনে থাকা এই আসামি চুল কাটাতে বের হয়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে শতাধিক বিক্ষুব্ধ জনতা পীর আবদুর রহমানের দরবারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে কক্ষ থেকে টেনে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ ভবনের দোতলা থেকে নিচে ফেলে দেয়া হয়। হামলার পর দরবারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
ঘটনার তিন দিন পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
