যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল সিএনএন’কে বলেছেন, সাম্প্রতিক কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক সামরিক হামলা এখনো আলোচনার টেবিলে রয়েছে’। তিনি আরও বলেন, আমি যেসব ব্রিফিং পেয়েছি এবং অন্যান্য সূত্র থেকে যা জেনেছি, তাতে আমার মনে হয়েছে, একটি তাৎক্ষণিক সামরিক হামলা এখনো গুরুত্বসহকারে বিবেচনায় রয়েছে।
তিনি আরও যোগ করেন, এটি গভীরভাবে উদ্বেগজনক। কারণ এতে আমেরিকান ছেলেমেয়েরা সরাসরি বিপদের মুখে পড়তে হতে পারে এবং ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে। ব্লুমেন্থাল বলেন, আমি এর চেয়ে বেশি নির্দিষ্ট করে বলতে পারছি না। কারণ অন্তত একটি ব্রিফিং আমি গোপনীয় পরিবেশে পেয়েছি। তবে আমি নিশ্চিত করে বলছি না কবে এটি ঘটতে পারে। কিন্তু সম্ভাব্য পরিকল্পনা হিসেবে এটি অবশ্যই আলোচনায় রয়েছে।
তিনি আরও বলেন, এটি কারও জন্য বিস্ময়কর হওয়া উচিত নয়। কারণ এই অভিযানের সঙ্গে জড়িত সামরিক নেতারা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে কথা বলে আসছেন। এদিকে, একটি সূত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরান নিয়ে হালনাগাদ সামরিক বিকল্প সম্পর্কে অবহিত হওয়ার কথা ছিল। কারণ তিনি তেহরানকে একটি চুক্তিতে রাজি করাতে চাপ দিচ্ছেন।
