সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি: নাহিদ ইসলাম

মে দিবস

সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি: নাহিদ ইসলাম

ফন্ট সাইজ:

মে দিবস উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘‘১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে ‘দিনে আট ঘণ্টার বেশি শ্রম নয়’ এই একটি মানবিক দাবিতে রাস্তায় নেমেছিল আমেরিকার শ্রমিকরা। তাদের মিছিলে নির্বিচারে গুলি চালায় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনী। শ্রমিকদের রক্তে ভিজেছিলো শিকাগোর রাজপথ। সেই রক্তের ওপর দাঁড়িয়ে আজ সমগ্র বিশ্ব মে দিবস পালন করে। সেদিনের সব শহিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্বাধীনতার পর থেকেই মে দিবস পালন করছে বাংলাদেশ। তবে তা কেবলই আনুষ্ঠানিকতা নির্ভর; ব্যানার, বক্তব্য ও আলোচনায় সীমাবদ্ধ। কার্যত শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্য।’

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নেমে এসেছে নজিরবিহীন দমন পীড়ন। শ্রমিক নেতাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে বহুবার। ১৩ বছর পরও রানা প্লাজা ট্র্যাজিডির বিচার আমরা পাইনি। জুলাই গণঅভ্যুত্থানেও এই দেশের শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে। পরিবর্তনের স্বপ্ন দেখেছে। কিন্তু দুঃখজনকভাবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি।’

নাহিদ ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের প্রত্যয়, একটি শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়ে তোলা যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।’

আলমগীর

২ মাস আগে

সংসদে ৩৩মিনিট সুন্দর উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আল্লাহ যেন সবার মনমানসিকতা পরিবর্তন করে দেন।

Amirswapan

২ মাস আগে

মাননীয় সংসদ সদস্য নাহিদ ইসলাম আপনাকে ধন্যবাদ অভিনন্দন ও শুভকামনা জানাই।সংসদে আপনি ৩৫ মিনিটের বক্তব্যে যা যা বলেছেন সবই প্রায় ২০ কোটি মানুষেরই কথা।অবশ্য দলকানাদের বাদে।আপনার মত তরুণ নেতৃত্ব একদিন দেশ নেতৃত্ব দিবে।

মন্তব্য করুন