নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ মনোনয়ন, থাকতে পারেন ট্রাম্পও

নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ মনোনয়ন, থাকতে পারেন ট্রাম্পও

ফন্ট সাইজ:

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থী বিবেচনায় আছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বৃহস্পতিবার জানান, ৩১শে জানুয়ারির মধ্যে জমা পড়া মনোনয়নের মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান আছেন। তিনি উল্লেখ করেন, আগের বছরের তুলনায় এবার তালিকায় নতুন নামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। তিনি বলেন, আমি নতুন দায়িত্ব নেয়ার পর যে বিষয়টি আমাকে কিছুটা বিস্মিত করেছে, তা হলো প্রতি বছর তালিকায় এত নতুনত্ব দেখা যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বজুড়ে সংঘাত বাড়লেও এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর চাপ বৃদ্ধি পেলেও শান্তি পুরস্কারের গুরুত্ব কমেনি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যে সময়ে বাস করছি, সেই সময়ে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। কম্বোডিয়া, ইসরাইল এবং পাকিস্তানের নেতারা প্রকাশ্যে দাবি করেছেন যে, তারা ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন। যদি এসব মনোনয়ন ২০২৫ সালের নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ে থাকে, তবে সেগুলো বৈধ হিসেবে বিবেচিত হবে। তবে পুরো মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। ফলে ট্রাম্প সত্যিই তালিকায় আছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না। কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিশ্চিতকরণ দেয়া হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো- কাউকে মনোনয়ন দেয়া মানেই নোবেল কমিটির সমর্থন নয়।

বিশ্বজুড়ে হাজারো ব্যক্তি এই পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন। যেমন বিভিন্ন দেশের সরকার ও সংসদের সদস্য, রাষ্ট্রপ্রধান, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের বিশ্ববিদ্যালয় অধ্যাপক, পূর্ববর্তী নোবেল বিজয়ীরা।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এবার আলোচনায় রয়েছেন ইউলিয়া নাভালনাইয়া (রুশ বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী), পোপ লিও, সুদানের স্বেচ্ছাসেবী সহায়তা সংগঠন ইমার্জেন্সি রেসপন্স রুমস। এছাড়া আলাস্কার সিনেটর লিসা মুরকাউস্কি এবং গ্রিনল্যান্ডের ড্যানিশ সংসদ সদস্য আজা কেমনিটজকেও মনোনয়ন দেয়া হয়েছে আর্কটিক অঞ্চলে শান্তিপূর্ণ উন্নয়নে ভূমিকার জন্য।

কমিটি ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সমর্থকরা জানিয়েছেন।

হার্পভিকেন বলেন, আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং তিনি আশা করছেন ইরান কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার সুযোগ দেবে।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ই অক্টোবর। আর আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ই ডিসেম্বর অসলোতে।

নূর মোহাম্মদ এরফান

২ মাস আগে

বিশ্ব সন্ত্রাসী শান্তির দূত ?

nurul choudhury

২ মাস আগে

Who nominated President Trump ? It must be a joke of the year.

মন্তব্য করুন