যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম জার্মানি গেলেন। উদ্দেশ্য জার্মানির বুন্ডেসলিগা-২ এ খেলবেন তিনি। আমিরুল একা নন, ১০ জন হকি খেলোয়াড় বৃহস্পতিবার জার্মানি গেলেন লীগে খেলতে। দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে একসঙ্গে এত বেশি সংখ্যক খেলোয়াড় জার্মানির লীগে খেলার সুযোগ পাচ্ছেন। আগামী দুই মাস তারা সেখানে অনুশীলনের পাশাপাশি বনের টিএইচভি ও এইচটিসি ক্লাবের হয়ে মাঠে নামবেন। এই ১০ জনের দলে আমিরুল ইসলাম ছাড়াও রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা মুখ- দ্বীন ইসলাম ইমন, রোমান সরকার, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, ইমরান পিন্টু ও আশরাফুল ইসলাম।
প্রথমবার ইউরোপের লীগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমবার দেশের বাইরে লীগ খেলতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। আশা করছি ওখানে অনেক নতুন কিছু শিখতে পারবো।’ অন্যদিকে এর আগেও জার্মানিতে খেলার অভিজ্ঞতা থাকা রোমান সরকার বলেন, ‘ওখানকার সবকিছু অত্যন্ত উন্নতমানের। খেলার পাশাপাশি আমাদের অনেক কিছু শেখার আছে। এই সময়ে বসে না থেকে প্রতিযোগিতামূলক খেলার মধ্যে থাকাটা সবার জন্যই ইতিবাচক।’
ইউরোপে খেলার সুযোগ আসলেও দেশের ঘরোয়া লীগ নিয়ে আক্ষেপ ঝরেছে ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের কণ্ঠে। তিনি বলেন, ‘ইউরোপে খেলা আমাদের জন্য বড় সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের লীগ অনিয়মিত। ইউরোপ থেকে ফিরে এসে কোথায় খেলবো, তা জানি না।’ জার্মান লীগের মান নিয়ে তিনি বলেন, ‘লিগ-২ এর ক্লাবগুলোতে আমাদের সমমানের বা তার চেয়েও উন্নত অ্যাথলেটরা রয়েছেন। সেখানে আমাদের আগে থেকেই সুনাম থাকায় নিয়মিত আমন্ত্রণ আসে। আমরাও চেষ্টা করি নিজেদের সেরাটা দিয়ে সেই মান ধরে রাখতে।’
