ফাইনাল খেলতে পাকিস্তানে নাহিদ রানা

ফাইনাল খেলতে পাকিস্তানে নাহিদ রানা

ফন্ট সাইজ:

বিদেশের মাটিতে ফাইনাল রাঙাতে পাকিস্তান পৌঁছেছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিতে গতকাল দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের তরুণ এ পেসার। সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে এ খবর জানান নাহিদ নিজেই।

ক’দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে গতির ঝড় তুলে সিরিজসেরার পুরস্কার জেতা নাহিদ আগামী ৩রা মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পিএসএলের ফাইনালে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন। পেশোয়ারের হয়ে এবারের আসরে ৪ ম্যাচে ৭ উইকেট শিকার এ ফাস্ট বোলারের। ইকোনমি মাত্র ৫.৪২। প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে আগেই ফাইনালের টিকিট কেটে রেখেছে পেশোয়ার জালমি। তবে ফাইনালে রানাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমান ও ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে পেশোয়ারের মুখোমুখি হবে।

শুরুতে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য নাহিদ রানাকে না পাঠানোর সিদ্ধান্ত থাকলেও, বিসিবি গত বুধবার এক বিবৃতিতে জানায় যে খেলোয়াড়ের অভিজ্ঞতা ও বিকাশের কথা বিবেচনা করেই এই ছাড়পত্র দেয়া হয়েছে। পিএসএল ফাইনাল শেষ করেই দেশে ফিরবেন নাহিদ। আগামী ৮ই মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন