প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখের ম্যাচের মতো গোলবন্যায় ভাসলো না চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় সেমিফাইনাল। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে ফিরলো আর্সেনাল। ম্যাচের দু’টি গোলই হলো পেনাল্টি থেকে। তবে শেষ দিকে গানারদের একটি পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে খুব।
এদিকে এক গোলেই দারুণ দু’টি রেকর্ড গড়েছেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। ম্যাচে বিরতির ঠিক আগের মিনিটে ভিক্টর ইয়োকেরেসকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন স্বাগতিক তারকা ডেভিড হাঙ্কো। স্পটকিক থেকে আর্সেনালকে এগিয়ে নেন ইয়োকেরেসই।
চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে ৪০ বছরে প্রথম সুইডিশ খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তি গড়েন তিনি। সর্বশেষ ১৯৮৬’র সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে গোল করেন আইএফকে গোতেবর্গের দুই সুইডিশ তারকা টমি হোমগ্রেন ও টরবিয়র্ন নিলসন। সব মিলিয়ে শেষ ২৭ পেনাল্টিতে শতভাগ সফল ইয়োকেরেস। স্পোর্টিং সিপির হয়ে ২১, আর্সেনালে ৪ ও সুইডেন জাতীয় দলের হয়ে দুটি পেনাল্টিতে গোল পেলেন তিনি। বিরতির পর মাঠে ফিরে পেনাল্টি থেকেই অ্যাটলেটিকোকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। ৪১ ম্যাচে চ্যাম্পিয়নস লীগে এটি ছিল আলভারেজের ২৫তম গোল, যা আর্জেন্টাইন হিসেবে দ্রুততম। এ মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসি খেলেন ৪২ ম্যাচ। সেইসঙ্গে, মাদ্রিদের ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লীগের এক মৌসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার আলভারেজ।
ম্যাচের শেষ দিকে দেখা দেয় উত্তেজনা। এবারও সেই হাঙ্কোর চ্যালেঞ্জে সফরকারীদের এবেরেচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি।
এ নিয়েই ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোচনা। ডাগআউটে তখন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে বেশ ক্ষুব্ধ অবস্থায় দেখা যায়। ম্যাচের পর বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে গানার কোচ বলেন, ‘আমি প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ, এজের ওপর হওয়া ফাউলটির পেনাল্টি যেভাবে বাতিল করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভিএআর তখনই হস্তক্ষেপ করতে পারে যখন রেফারির সিদ্ধান্তে সুস্পষ্ট ভুল থাকে। তবে এখানে তেমন কিছুই ছিল না। এই একটি সিদ্ধান্ত পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। চ্যাম্পিয়নস লীগের মতো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এ ধরণের ভুল কাম্য নয়।’ এটি সরাসরি নিয়মের লঙ্ঘন। সেখানে পরিষ্কার কন্টাক্ট (ধাক্কা) ছিল। রেফারি একবার নিজের চোখে দেখে সিদ্ধান্ত দেয়ার পর তা ভিডিওতে ১৩ বার দেখেও কীভাবে বাতিল করেন, তা আমি বুঝতে পারছি না। টানা ৯ মাস কঠোর পরিশ্রম করে আমরা এই জায়গায় এসেছি। অথচ একটি ভুল সিদ্ধান্ত আমাদের প্রাপ্য একটি গোল কেড়ে নিলো, যা পুরো সেমিফাইনালের ফল পাল্টে দিতে পারে।’
আগামী মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল।
