জোড়া দুঃসংবাদ পিএসজি শিবিরে

ফন্ট সাইজ:

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিবিরে আনন্দের রেশ না কাটতেই নেমে এলো বিষাদের ছায়া। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্যারিসিয়ানরা। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোড়া ধাক্কা খেলো পিএসজি। ঊরুর চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন মরক্কোর পোস্টার বয় আশরাফ হাকিমি। একই দুঃসংবাদ গোলকিপার লুকাস শেভালিয়েরকে নিয়েও।

প্যারিসে গত মঙ্গলবার সেমির রোমাঞ্চকর প্রথম লেগে বায়ার্নকে ৫-৪ গোলে হারায় পিএসজি। ম্যাচে খিচা কাভারেৎস্কেলিয়াকে দিয়ে গোল করিয়ে জয়ের পথ প্রশস্ত করেন হাকিমি। তবে বাভারিয়ান ডিফেন্ডার কনরাড লাইমারের সঙ্গে এক সংঘর্ষে চোট পান তিনি। দলের বদলি খেলোয়াড় নামানোর সুযোগ শেষ হয়ে যাওয়ায় ব্যথানাশক নিয়েই দাঁতে দাঁত চেপে মাঠ কামড়ে পড়ে থাকেন এই রাইটব্যাক। বুধবার ক্লাবের মেডিকেল রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, ডান ঊরুর সেই চোট তাকে পরবর্তী কয়েক সপ্তাহ মাঠের বাইরে রাখবে।
দুর্ভোগ এখানেই শেষ নয়। অনুশীলনের সময় একই ধরনের চোট পেয়েছেন দলের দ্বিতীয় পছন্দের গোলকিপার লুকাস শেভালিয়ের। মাতভেই সাফোনভের ব্যাকআপ হিসেবে তাকে রাখা হলেও, এখন মাঠের বাইরে যেতে হচ্ছে তাকেও।

আগামী বুধবার অ্যালিয়েঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে ফিরতি লেগে বায়ার্নের মুখোমুখি হবে পিএসজি। গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে রক্ষণের মূল ভরসাকে হারানো লুইস এনরিকের জন্য বড় দুশ্চিন্তার কারণ। অন্যদিকে, সামনেই ২০২৬ বিশ্বকাপ। ১৩ই জুন ব্রাজিলের বিপক্ষে মরক্কোর অভিযান শুরুর কথা রয়েছে। এর আগে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার পুরস্কারজয়ী হাকিমির চোটের খবর মরক্কান ভক্তদের কপালেও চিন্তার ভাঁজ ফেলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন