রাঙ্গামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’ আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। রাঙ্গামাটির প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে নির্মাণ করা প্রশংসিত এই পর্বটি ধারণ করা হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। ইত্যাদি’র এই পর্বে গান ‘রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙ্গামাটির চমচমি দেওয়ান। সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীবৃন্দ।
এ ছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে ব্যতিক্রমী নাচ। ইত্যাদি’র এই পর্বে রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের ওপর প্রতিবেদন। রয়েছে রাঙ্গামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনাচার এবং রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর। ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে রাঙ্গামাটিকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে।
দ্বিতীয় পর্বে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিতি ও স্থানীয় গানের মিউজিক শুনে সেই গান পরিবেশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রƒপাত্মক নাট্যাংশসহ এবারো যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পর্বটি কেয়া কসমেটিকসের সৌজন্যে প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।
