মালয়েশিয়ায় বাংলাদেশি ইনফ্লুয়েন্সার হত্যার অভিযোগে মামলা দায়ের

২১ জুলাই মামলার পরবর্তী শুনানি

মালয়েশিয়ায় বাংলাদেশি ইনফ্লুয়েন্সার হত্যার অভিযোগে মামলা দায়ের

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার মাজু এক্সপ্রেসওয়েতে (মেক্স) মদ্যপ অবস্থায় উল্টো দিকে গাড়ি চালিয়ে বাংলাদেশি জনপ্রিয় গেমিং কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিলাদকে হত্যার অভিযোগে মালয়েশিয়ান সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা 'বারনামা' জানিয়েছে, ক্যাপ্টেন জাদ ফাইদ আরহান (৩১)-এর বিরুদ্ধে বৃহস্পতিবার কুয়ালালামপুরের ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ আনা হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১২টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, গত ২৩ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে মেক্স মহাসড়কের সালাক সেলাতান থেকে জালান তুন রাজাক পর্যন্ত ১.৯ কিলোমিটার অংশে এই দুর্ঘটনা ঘটে। মদের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে ধেয়ে আসা অভিযুক্তের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন 'অ্যাডভান্স গেমিং' নামে পরিচিত মুজাহিদ মিলাদ (২২)।

বারনামা জানিয়েছে, একই দুর্ঘটনায় মুজাহিদের স্ত্রী নাফিসা তাবাস্সুম আদিবা এবং ই-হেইলিং চালক জাইলানি সাপিহ গুরুতর আহত হন। পৃথক একটি ম্যাজিস্ট্রেট আদালতে ক্যাপ্টেন জাদ ফাইদ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুটি পৃথক অভিযোগে বিচার প্রার্থনা করেছেন। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪(১এ)(বি) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত থেকে দশ বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।

হত্যা মামলা হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালতে কোনো আবেদন রেকর্ড করা হয়নি। ম্যাজিস্ট্রেট ইল্লি মারিসকা খালিজান আগামী ২১ জুলাই মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছেন এবং অভিযুক্তকে কোনো জামিন দেওয়া হয়নি। কুয়ালালামপুরের প্রসিকিউশন পরিচালক মোহদ নরদিন ইসমাইল জানান, অভিযুক্তকে সুঙ্গাই বুলোহ কারাগারে রাখা হবে এবং মামলাগুলো একসাথে বিচারের জন্য স্থানান্তরের আবেদন করা হবে বলে জানিয়েছে বারনামা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন