ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করায় এভারকেয়ার হাসপাতালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসার আবেদন বাতিল করেছেন ট্রাইব্যুনাল। পিজি হাসপাতালেই চলবে তার চিকিৎসা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সারাদেশে সিকিউরিটি কনসার্ন চলছে। কামরুল ইসলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আবেদন করেছেন। কিন্তু এভারকেয়ার হাসপাতালে কোনো প্রিজন সেল নাই। তবুও ট্রাইব্যুনাল তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তার চিকিৎসা সংক্রান্ত যে কাগজপত্র দাখিল করেছে আসামিপক্ষ তাতে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ কামরুল ইসলাম জেল হাজতে থাকলেও সিঙ্গাপুরে ও কেরানীগঞ্জে চিকিৎসা নিয়েছেন এমন কাগজপত্র সাবমিট করেছেন কামরুল ইসলামের আইনজীবীরা।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালের সঙ্গে ফ্রড করে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ নিয়েছিলেন কামরুল ইসলাম। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনলে সেই আদেশ বাতিল করা হয়।
