গাইবান্ধায় যুবদল কর্মীর দুই আঙুল কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় যুবদল কর্মীর দুই আঙুল কেটে দিল দুর্বৃত্তরা

ফন্ট সাইজ:

গাইবান্ধার পলাশবাড়ীতে এক যুবদল কর্মীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ওই কর্মীর হাতের দু’টি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এই হামলার শিকার হন তিনি।

আহত কর্মীর নাম কাকন (৩৫)। তিনি উপজেলার দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে এবং বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। হামলায় তার আঙুল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি একটি পা ভেঙে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা কাকনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কাকনকে লক্ষ্য করে এই বর্বর হামলা চালানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া জানান, হামলাকারীরা অপরিচিত ছিল এবং তারা অতর্কিত হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন