তেলের দাম ১২৫ ডলার ছাড়িয়ে সর্বোচ্চ

তেলের দাম ১২৫ ডলার ছাড়িয়ে সর্বোচ্চ

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বাড়ানোর চিন্তা করছেন। এমন খবরের প্রেক্ষিতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বৃহস্পতিবার সকালে প্রতি ব্যারেল ১২৫ ডলার ছাড়িয়ে গেছে। জুন মাসের ব্রেন্ট ক্রুড চুক্তি ইতিমধ্যেই যুদ্ধকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে বৃহস্পতিবার ১২ শতাংশের বেশি বেড়ে এর দাম ১২৫ ডলার ছাড়িয়ে যায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ১১০ ডলারের ওপরে অবস্থান করছিল। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। বিশ্ববাজারে তেলের দামের এই দাম বৃদ্ধি এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা ভেঙে পড়েছে। ফলে হরমুজ প্রণালি কার্যত এখনো বন্ধ। সিএনএনকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তার দল ইতিমধ্যে এই অবরোধ দীর্ঘমেয়াদে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে হরমুজ প্রণালিকে আরও দীর্ঘ সময় বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে। জুন মাসের ব্রেন্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি হওয়ায় বাজারের লেনদেন এখন জুলাই মাসের ফিউচার চুক্তিতে স্থানান্তরিত হচ্ছে। এই সক্রিয় চুক্তির দাম বুধবার রাতে প্রতি ব্যারেল ১১৩ ডলার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন