নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দলীয় রেটিং বাড়ার সঙ্গে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর গতকাল প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। এ ছাড়া ব্যাটিং ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে বাংলাদেশের তিন পেসার রানা, শরিফুল ও মোস্তাফিজ মিলে শিকার করেছেন ১৮ উইকেট। এর মধ্যে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে উঠে এসেছেন।
সমান ম্যাচে ৫ উইকেট নেয়া শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে এখন ২৮ নম্বরে। আর সিরিজের মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ লাফ দিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন। সিরিজে দুই দলের মধ্যে একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর বড় উন্নতি হয়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। ১১ ধাপ এগিয়ে এই বাঁহাতি ব্যাটার এখন ৩২তম স্থানে। সিরিজে ১২৯ রান করা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম অবস্থানে উঠে এসেছেন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সিরিজের শেষ ম্যাচে ২২ রান ও ২ উইকেট নেয়ার সুবাদে তিনি এক ধাপ এগিয়ে যৌথভাবে তিন নম্বরে উঠে এসেছেন। তার ও আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট এখন সমান ২৭৫। এই তালিকায় ৩২৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন আজমতউল্লাহ ওমরজাই ও দ্বিতীয় স্থানে সিকান্দার রাজা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। পারভেজ হোসেন ইমনও এগিয়েছেন ৩ ধাপ (যৌথভাবে ৪০)। বোলারদের তালিকায় শেখ মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে অবস্থান করছেন।
