রাজশাহীর মাটিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর সিলেটে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগ্রেসরা। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। ম্যাচ শুরু দুপুর দেড়টায়। গতকাল বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়। টাইগ্রেসদের সিরিজ বাঁচানোর লড়াইও পণ্ড হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সিলেটে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ এবং পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েলসের কন্ডিশন বিবেচনায় স্পোর্টিং উইকেটে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে টাইগ্রেসরা। তবে ব্যাট হাতে স্বাগতিকদের দুর্দশা কাটছেই না। দুই ওপেনার দিলারা আক্তার (১১৩.০২) ও জুরাইরিয়া ফেরদৌস (১১০.৩১) ছাড়া বাকি সব ব্যাটারের স্ট্রাইকরেট একশোর নিচে।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১২ দলের মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ও পাকিস্তানের বিপক্ষে একবার দেড়শো ছাড়ানো ইনিংস সংগ্রহ করার ইতিহাস আছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে এমন করুণ দশা কাটানোর চ্যালেঞ্জ ছিল টাইগ্রেসদের। কিন্তু প্রথম ওয়ানডেতে তেমন কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়। যদিও ওপেনার দিলারা আক্তার (২৩) ও জুয়াইরিয়া ফেরদৌসের (১৬) ব্যাটে চড়ে ৪ ওভারেই ৩৯ রান তোলে টাইগ্রেসরা।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার। শারমিন আক্তার (১) ও অধিনায়ক জ্যোতি (০) দ্রুত বিদায় নিলে পাওয়ারপ্লেতেই ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বিপর্যয়ের মুখে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন স্বর্ণা আক্তার। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৬০ রান করেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে সোবহানা মোস্তারি (২৬ বলে ১৬) কিংবা বাকিদের কাছ থেকে যোগ্য সঙ্গ না পাওয়ায় ১৩৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুসহ তিন বোলার শিকার করেন ২টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইমেশা দুলানি (৫৫) ও হার্ষিতা সামারাবিক্রমার (৬১) ঝোড়ো ফিফটিতে ১৬১ রানের পাহাড় গড়ে সফরকারীরা। বাংলাদেশের সুলতানা খাতুন ২৯ রানে ২ উইকেট নিলেও লঙ্কান ব্যাটারদের রুখতে হিমশিম খেতে হয়েছে বোলারদের। এই ম্যাচে ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেন নাহিদা আক্তার।
