এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে ইতিহাস গড়তে পারলো না বাংলাদেশ। আজ শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলো অর্পিতা-আইরিনদের। গ্রুপপর্বে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছিল লাল-সবুজ মেয়েরা। ফাইনাল জিততে না পারলেও প্রথমবার এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নিয়ে মূলপর্বের টিকিট আগেই কেটে ফেলেছে জাকির হোসেন রাজুর শিষ্যরা।
জার্কাতার জিবিকে টার্ফে দারুণ শুরু পায় বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। ১-০ তে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ওয়াং ইউ-চিউয়ের ফিল্ড গোলে ১-১ সমতায় ফেরে চাইনিজ তাইপে। সমতায় ফেরার পর থেকেই বাংলাদেশের রক্ষণভাগের ওপর চড়াও হয় তাদের আক্রমণভাগ। ৩২ মিনিটে মাও ই-সুয়ানের ফিল্ড গোলে লিড নেয় চাইনিজ তাইপে। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া বাংলাদেশ আক্রমণ চালালেও তাইপের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। উল্টো ৪০ মিনিটে হুয়াং ইউ টিংয়ের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-১ করে চাইনিজ তাইপে।
ফাইনালে হারলেও এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের প্রাপ্তি অনেক। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে নেমেই সিঙ্গাপুরের মতো দলকে হারিয়ে ফাইনালে ওঠা এবং এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত করা নারী হকির জন্য এক বিশাল অর্জন।
