নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে গতির ঝড় তুলে সিরিজসেরার পুরস্কার পান নাহিদ রানা। আর আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের কথা বিবেচনা করে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়। সেই ভাবনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসর পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি পেয়েছেন নাহিদ রানা। টেস্ট সিরিজের আগে বিসিবি তাকে পাকিস্তান যাওয়ার সবুজ সংকেত দিয়েছে।
পেশোয়ার জালমির হয়ে এবারের পিএসএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে অভিষেক হয় নাহিদ রানার। টুর্নামেন্টের মাঝপথে জাতীয় দলের ডাকে দেশে ফিরে এলেও তার অভাব বোধ করছিল পেশোয়ার কর্তৃপক্ষ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তামিম (বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল) ভাইকে ধন্যবাদ।’
শুরুতে টেস্টের প্রস্তুতির কথা বলে রানাকে পাকিস্তানে পাঠাতে অনাগ্রহী ছিল বিসিবি। তবে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার গুরুত্ব বিবেচনা করে রানাকে আবার পাঠাচ্ছে তারা। বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটিকে খেলোয়াড়টির বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’ বিসিবির চিকিৎসক দল ও টিম ম্যানেজমেন্টও নাহিদকে শারীরিক ফিটনেসের ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে।
নাহিদ রানা এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচ খেলেছেন। ওভারপ্রতি মাত্র ৫.৪২ ইকোনমিতে রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট। আগামী ৩রা মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসরের ফাইনাল। যেখানে পেশোয়ারের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে ওঠার দৌড়ে আছে হায়দরাবাদ কিংসমান, মুলতান সুলতান ও ইসলামাবাদ ইউনাইটেড।
