সমালোচকদের কড়া জবাব দিলেন পাকিস্তানের নবনিযুক্ত টেস্ট হেড কোচ সরফরাজ আহমেদ। গতকাল করাচির হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ ক্যাম্প চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাইরের আলোচনা নয়, বরং নিজের দায়িত্ব পালনেই তিনি বেশি মনোযোগী। সরফরাজ বলেন, ‘সাবেক ক্রিকেটার এবং আমার প্রাক্তন সতীর্থদের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে আমি এই নতুন সুযোগটি কাজে লাগানোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক।’ আগামী ৮ই মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে নিজের কোচিং প্যানেলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন সরফরাজ।
এই সিরিজে তার সহযোগী হিসেবে থাকছেন উমর গুল, আসাদ শফিক, গ্রান্ট লুডেন এবং আব্দুল সাদ। সরফরাজ বলেন, ‘আমি এবং আমার ম্যানেজমেন্ট দলটিকে সাফল্যে নিয়ে যেতে আত্মবিশ্বাসী।’ দলের সেরা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়েও কথা বলেন সরফরাজ। বাবর আজমের প্রশংসা করে তিনি বলেন, ‘বাবরকে রান করতে দেখাটা স্বস্তির, বিশেষ করে তার টেকনিক্যাল কামব্যাকটা দারুণ হয়েছে।
সে এখন বেশ সলিড ব্যাটিং করছে। সে টি-টোয়েন্টিতে রান করেছে, তবে স্কোয়াডে যোগ দেয়ার পর টেস্টে তার ভূমিকা ঠিক করা হবে।’ বাবর আজম বর্তমানে পিএসএলে পেশোয়ার জালমিকে ফাইনালে নেতৃত্ব দেবেন। আগামী ৩রা মে ফাইনাল শেষে তার জাতীয় দলে যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া অধিনায়ক শান মাসুদ ও খুররাম শাহজাদও পিএসএল শেষ করে ক্যাম্পে যোগ দেবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে। বাংলাদেশ আছে আটে। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১৬ই মে সিলেটে শুরু হবে।
