পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে জোরালো পদক্ষেপ চায় ঢাকা

ফন্ট সাইজ:

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আরও কার্যকর এবং সমন্বিত পদক্ষেপ চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বিশ্বকে কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এর ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তার মতে, প্রতিষ্ঠার ৮০ বছর পরেও বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রচেষ্টায় সফল হতে পারেনি জাতিসংঘ। কারণ হিসেবে জাতিসংঘের এ সংক্রান্ত আইন বাস্তবায়ন না হওয়াকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রদূত বলেছেন, ক্রমাগত পারমাণবিক অস্ত্র বিস্তার বৃদ্ধি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বৈশ্বিক উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করছে।

বরাবরই বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পক্ষে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি এ বিষয়টি আবারও স্পষ্ট করে তুলে ধরেছেন। সালাউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে রয়েছে এবং পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে। বক্তব্যে বাংলাদেশের এই কূটনীতিক পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে এনপিটি’র অনুচ্ছেদ-৬ মেনে চলার আহ্বান জানান।

পাশাপাশি নিরস্ত্রীকরণসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির সার্বজনীনতার ওপর গুরুত্বারোপ করেন। সালাউদ্দিন নোমান মনে করেন, বিশ্বকে পারমাণবিক প্রতিযোগিতা থেকে রক্ষা করতে গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যার মাধ্যমে পারমাণবিক হুমকি মুক্ত নিরাপদ বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে বিশ্বাস করে বাংলাদেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, স্থতিশীল ও নিরাপদ বিশ্ব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা জরুরি বলে জোর দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন