বিমানবন্দরে নারী কাবাডি দলকে সংর্বধনা

বিমানবন্দরে নারী কাবাডি দলকে সংর্বধনা

ফন্ট সাইজ:

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশীয় বিচ গেমস খেলে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পতাকাকে উজ্জ্বল করে ব্রোঞ্জ পদক জয়ী এই বীরকন্যাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

মেয়েদের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা বিদেশের মাটিতে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এই ব্রোঞ্জ পদক কেবল একটি পদক নয়, এটি কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি মমত্ববোধের প্রতিফলন। আমরা নারী কাবাডির উন্নয়নে আরো জোরালো পদক্ষেপ নেবো।’

চীন থেকে দলের সঙ্গে ফিরেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। বিমানবন্দরে আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খান, এবং কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি (আইজিপি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এশীয় বিচ গেমসের এবারের আসরে শুরু থেকেই আক্রমণাত্মক এবং কৌশলী খেলা উপহার দিয়ে দর্শকদের নজর কেড়েছে বাংলাদেশ। সাফল্যের আনন্দ নিয়ে দেশে ফেরা নারী দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, এই পদক তাদের আগামী দিনের লক্ষ্য পূরণে দারুণভাবে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও বড় কোনো সাফল্য ছিনিয়ে আনার লক্ষ্য নিয়ে তারা নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন