উপমহাদেশের কিংবদন্তী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জীবদ্দশায় তার শেষ লেখা গানটি হলো ‘মেঘলা আকাশ’। এবার সেই গানে কন্ঠ দিয়েছেন তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার। গানটিতে দিঠির সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন অপু আমান। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিঠি। দিঠি জানান, গানটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগ গভীরভাবে জড়িত।
তিনি বলেন, তার বাবা জীবিত অবস্থায় গানটির রেকর্ডিং দেখেছিলেন, যা এ গানকে আরও বিশেষ করে তুলেছে। তিনি আরও বলেন, তার বাবা অপু আমানকে অত্যন্ত স্নেহ করতেন এবং নিজেই তাকে ডেকে একাধিক গানে সুর করার দায়িত্ব দিয়েছিলেন।
‘মেঘলা আকাশ’ সেই গানগুলোর অন্যতম। দিঠি আরও বলেন, অপুর সুর গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং গানটি শ্রোতাদের মনে ভালো লাগা জাগাবে বলেই আমার বিশ্বাস। অন্যদিকে অপু আমান বলেন, গাজী মাজহারুল আনোয়ারের মতো কিংবদন্তির লেখা গানে সুর করার সুযোগ পাওয়া তাার সংগীতজীবনের অন্যতম বড় প্রাপ্তি। আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
