ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ বুধবার সকালে শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মন্টেশ্বর বিধানসভা কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ চলছে। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার মতো দ্বিতীয় দফায়ও ভোট গ্রহণের হার বেশি হবে বলে ধারনা করা হচ্ছে। ভোটকেন্দ্রে ব্যাপক সংখ্যক নারী ভোটারের উপস্থিতি দেখা গিয়েছে। বয়স্ক নারীরাও উৎসাহের সঙ্গে ভোট প্রদান করছেন। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে রেকর্ড ৯১ দশমিক ৭৮ ভাগ ভোটগ্রহণ হয়েছিল।
দ্বিতীয় দফার এই ভোটে মোট ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে। এর মধ্যে ১,২২৮ জন পুরুষ এবং ২২০ জন নারী প্রার্থী রয়েছেন। এ তথ্য দিয়েছে এএনই। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দফায় মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২২ লাখের বেশি, যার মধ্যে ৩ কোটি ২১ লাখ সাধারণ ভোটার এবং প্রায় ৪০ হাজার সরকারি চাকুরিজীবী ভোটার রয়েছেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখ এবং নারী ভোটার ১ কোটি ৫৭ লাখ।
এছাড়া ৭৯২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এই নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা গেছে। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৪ লাখ ১২ হাজারের বেশি। অন্যদিকে ১০০ বছর বা তার বেশি বয়সী ভোটার রয়েছেন ৩,২০০ জনের বেশি। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন মোট ৪১,০০১টি ভোটকেন্দ্র স্থাপন করেছে। এর মধ্যে ৩৯,৩০১টি মূল কেন্দ্র এবং সহায়ক কেন্দ্র ১,৭০০টি ।
