শিগগিরই ভারতের ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে

শিগগিরই ভারতের ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে

ফন্ট সাইজ:

বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই ভারতের ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রশ্নোত্তর-পর্ব টেবিলে উত্থাপিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূলভিত্তি হচ্ছে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ এবং দুই দেশের জনগণের মধ্যকার সুদৃঢ় বন্ধন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে।

ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে খলিলুর রহমান সংসদকে অবহিত করে জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সমপ্রতি ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে শিগগিরই দ্রুত ই-ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে: যুক্তরাষ্ট্রে নির্মমভাবে সহপাঠীর হাতে খুন হন দুই বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অধিবেশনে সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

লিখিত প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ওই দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তারা নিহতদের শোকার্ত পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি নিহত শিক্ষার্থীদের দেহাবশেষ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বর্তমানে সরকারের বিশেষ তদারকিতে রয়েছে।

দেশে বর্তমানে ১১ লাখ ৮৯ হাজার রোহিঙ্গা রয়েছে: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় ১১ লাখ ৮৯ হাজার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি আরও বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর ১৩ই এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বাংলাদেশে এসে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন। সংসদে সিলেট-৬ আসনের সরকারি দলের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ: বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক বৃত্তি, ফেলোশিপ এবং একাডেমিক বিনিময় কর্মসূচির সুযোগ সমপ্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন নতুন সুযোগ তৈরি করা হচ্ছে। সরকারের নীতিগত অগ্রাধিকারে শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন