প্রথমবারের মতো বাছাই পর্বে অংশ নিয়েই এশিয়ান গেমসে খেলার যোগ্যতা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। গতকাল বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সেই অর্জনকেও ছাড়িয়ে গেল অর্পিতারা।
সেমিফাইনালে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড আইরিন আক্তার রিয়া। আজ রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর ৩৬তম হলেও প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া বাংলাদেশের এখনো এই তালিকায় নাম ওঠেনি। জাকার্তার জিবিকে টার্ফে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে প্রথম সেমিফাইনালে দলটির বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
ম্যাচের ৮ মিনিটেই ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন ফরোয়ার্ড আইরিন। তবে ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চেরিল চিয়া গোল করলে ১-১ সমতায় ফেরে সিঙ্গাপুর। এরপর লড়াই চলে সমানে সমান। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ কোয়ার্টারে।
৫৭ ও ৫৮ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আইরিন। অথচ এই দলের জাকার্তায় আসা নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। বাজেট সংকটের কারণে প্রায় ৫০ লাখ টাকার ব্যবস্থা করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সহযোগিতায় বাছাই খেলতে জাকার্তায় যায় মেয়েরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে ‘পুল এ’ থেকে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারায় জাকির হোসেন রাজুর শিষ্যরা। ওই জয়ে সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বাছাইয়ে পঞ্চম হয়ে এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ পুরুষ দলও।

Md. Shahadat Hossain
২ মাস আগেসত্যিই অসাধারন অর্জন।