আবাহনীর বিদায় এলিমিনেটরে রহমতগঞ্জ

আবাহনীর বিদায় এলিমিনেটরে রহমতগঞ্জ

ফন্ট সাইজ:

বসুন্ধরা কিংস অ্যারেনায় তখন গুমোট আবহাওয়া, মাঠ কর্দমাক্ত। কিন্তু সেই প্রতিকূলতা ছাপিয়ে ফুটবলের চিরাচরিত অঘটনের গল্প লিখলো পিডব্লিউডি এসসি। ফেডারেশন কাপের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে তারা। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ আব্দুল্লাহর করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত আকাশি-নীলদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। সেই সুযোগে এলিমিনেটরে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্লে অফ নিশ্চিত করেছে পুরান ঢাকার দলটি। পিডব্লিউডির জিতেও অবশ্য কোনো লাভ হয়নি। ৬ পয়েন্ট নিয়ে আদতে ফেডারেশন কাপ থেকে বিদায়ই নিতে হয়েছে তাদের। রহমতগঞ্জের সমান ৬ পয়েন্ট থাকলেও হেড টু হেডে পিছিয়ে আছে তারা। বাংলাদেশ ফুটবল লীগে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ফেডারেশন কাপে চার ম্যাচে একটি করে জয় ও ড্র ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ করলো গ্রুপ পর্ব।

কিংস অ্যারেনায় অবশ্য শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে আবাহনী। দশম মিনিটে দলটির মিডফিল্ডার কাজেম শাহ কিরমানির বুলেট শট কর্নার করে দেন পিডব্লিউডির গোলরক্ষক। ২২তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আল আমিন। সতীর্থের পা ধরে বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার দুর্বল চিপ শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করে আটকে দেন সারোয়ার জাহান।

৩০তম মিনিটে বক্সের ভেতর থেকে শেখ মোরসালিনের ডান পায়ের শট ঝাঁপিয়ে আবাহনীকে আবারো হতাশ করেন সারোয়ার। দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় আবাহনী। ৬৫তম মিনিটে আলি উজাইরের পাস ধরে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে কাটিয়ে বাইলাইনের একটু উপর থেকে আবু সাইদ কাটব্যাক বাড়ান। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোলরক্ষক মিতুল মারমার পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আব্দুল্লাহ।

৭৮তম মিনিটে ডান দিক থেকে শেখ মোরসালিনের ক্রসে দূরের পোস্টে থাকা মিরাজুল ইসলাম পা চালালেও বলের নাগাল পাননি। ৮৬তম মিনিটে দূরের পোস্টে থাকা মিরাজুল ফের পারেননি পা ছোঁয়াতে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতে দিয়াবাতের শট ব্লকড হয়। মালির এই ফরোয়ার্ডের হেড পোস্টের বাইরে যাওয়ার পরপরই বাজে শেষের বাঁশি। প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

’এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। পরাজিত দলের আরেকটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। দুই গ্রুপের দুই রানার্স আপ রহমতগঞ্জ ও মোহামডোন মুখোমুখি হবে।

এই ম্যাচের জয়ী দলকে আবার কিংস-ব্রাদার্স ম্যাচের পরাজিত দলের সঙ্গে খেলতে হবে। এ ম্যাচের জয়ী দল আরেক ফাইনালিস্ট হবে। গত দুই মৌসুম থেকে ফেডারেশন কাপ প্রথাগত সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের আইপিএলের আদলে শেষ চারের খেলা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন